পুলিশের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামে গত শনিবার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাঁকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা হলেন খুলনার ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাজী কামাল হোসেন। তাঁর বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার চাচইধানাইড় গ্রামে। তাঁর স্ত্রীর নাম শামীমা শারমিন নাজ (৩৫)। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আছাদুজ্জামান মুন্সি বলেন, শামীমার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।
শামীমার মা রাশিদা বেগম বলেন, ১৪ বছর আগে তাঁর মেয়ে শামীমাকে কামাল হোসেনের সঙ্গে বিয়ে দেন। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। বিয়ের সময় কামালকে মোটরসাইকেল, তিন ভরি সোনাসহ আসবাব দেওয়া হয়। কিন্তু আরও যৌতুকের দাবিতে কামাল শামীমাকে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন করে আসছেন।
চিকিৎসাধীন শামীমা বলেন, ‘আমার স্বামী বাবার বাড়ি থেকে ১০ লাখ টাকা এনে দেওয়ার জন্য আমাকে চাপ দিচ্ছিলেন। নড়াইল পৌরসভার দুর্গাপুর গ্রামে আমার মায়ের নামে জমি আছে। একপর্যায়ে সেই জমি বিক্রি করে তাঁকে ১০ লাখ টাকা এনে দিতে বলেন। এতে রাজি না হওয়ায় শনিবার রাতে আমাকে পিটিয়ে আহত করেন তিনি। এরপর এলাকার মানুষ আহত অবস্থায় উদ্ধার করে আমাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।’