মেহেরপুরের গাংনীতে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের মাইক্রোবাসের চাপায় নিহত পুলিশ সদস্যের ব্যবহৃত শটগান ও ১৭টি গুলি গত শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। একই রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া এলাকা থেকে ওই মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। তবে গতকাল শনিবার পর্যন্ত পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।
এদিকে নিহত পুলিশ সদস্য আলাউদ্দিন আহমেদের স্ত্রী অভিযোগ করেছেন, ঘটনার সময় দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা কোনো ভূমিকা পালন করেননি। তবে পুলিশ বলছে, ঘটনার সময় তারা কিছু করার সময় পায়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে খবর পেয়ে পুলিশের একটি দল ফেনসিডিলবোঝাই একটি মাইক্রোবাস আটকের জন্য গাংনীর সাহেবনগর এলাকায় টহল দিচ্ছিল। রাত নয়টার দিকে পুলিশ কাজীপুরের দিক থেকে আসা একটি সাদা রঙের মাইক্রোবাসকে থামানোর চেষ্টা করে। এ সময় মাইক্রোবাসটি পুলিশের কনস্টেবল আলাউদ্দিন আহমেদকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে আলাউদ্দিন গুরুতর আহত হন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আলাউদ্দিনের ব্যবহৃত অস্ত্রটি পুলিশ খুঁজে পাচ্ছিল না।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, রাত একটা ৪৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে আলাউদ্দিনের ব্যবহৃত শটগান ও ১৭টি গুলি উদ্ধার করে। একই রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া এলাকার একটি বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি জব্দ করা হয়। গতকাল পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মেহেরপুর পুলিশ লাইনসে গতকাল বেলা একটায় জানাজা শেষে আলাউদ্দিনের লাশ তাঁর পরিবারের কাছে সরকারি বিধি অনুযায়ী হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে পারিবারিক কবরস্থানে আলাউদ্দিনের লাশ দাফন করা হয়। তিন বছর আগে বিয়ে করেন আলাউদ্দিন। তাঁর কোনো সন্তান নেই। তাঁর স্ত্রী পানসী খাতুন কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, ‘আমার আলাউদ্দিনকে ষড়যন্ত্র করে মাইরি ফেইলিছে। আমি আপস চাইনি, মামলা চাই। আলাউদ্দিনকে সন্ত্রাসী গাড়িত তুইলি নিছে, ওর সঙ্গের পুলিশরা ঠেকাইনি। গাড়ির টায়ারে গুলি করতে পারত, তারা তা করেনি। কিছু করেনি কো। তাদের আমি বিচার চাই।’