পুলিশের ভুলে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আসামি না হয়েও তিন দিন ধরে হাজতবাস করছেন দিনমজুর রফিকুল ইসলাম (৩৫)। শুধু গ্রাম ও নামের মিল দেখে গত সোমবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। রফিকুল জেলে থাকায় চার সন্তান নিয়ে তাঁর স্ত্রী নাজমা বেগম অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, কোনো যাচাই-বাছাই না করে গত সোমবার রফিকুলকে ধরে থানায় নেয় এএসআই নব কুমারের নেতৃত্বে একদল পুলিশ। পুলিশ পরের দিন গত মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
মামলার বাদী উপজেলার গজারিয়া গ্রামের সাইজুদ্দিন জানান, ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর ক্যারম খেলা নিয়ে উপজেলার চতলবাইদ গ্রামের আবদুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (২২) তাঁর ভাগনে খাইরুলের ওপর হামলা করেন। এ ঘটনায় পরের দিন তিনি (সাইজুদ্দিন) বাদী হয়ে রফিকুল ও আরও দুজনকে আসামি করে থানায় মামলা করেন। সোমবার পুলিশ যে রফিকুলকে গ্রেপ্তার করে তাঁর বাবার নাম ঠান্ডু, বাড়ি চতলবাইদের ভূঁইয়াপাড়ায়, বয়স ৩৫। মামলার প্রকৃত আসামি রফিকুল হলেও বাবার নাম আবদুর রশিদ, বাড়ি চতলবাইদের ভাতকুড়া চালায়, বয়স ২২ বছর।
সাইজুদ্দিন বলেন, ‘দোষী ব্যক্তি সাজা পেলে খুশি হতাম। নির্দোষ রফিকুলকে বাঁচাতে আমি প্রয়োজনে আদালতে সাক্ষ্য দেব।’
রফিকুলের বোন ফরিদা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার মা বাড়ি বাড়ি ভিক্ষা করে জীবন চালান। রফিকুলকে ছাড়িয়ে আনতে গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে গেলে উকিল অতিরিক্ত টাকা দাবি করেন। সঙ্গে ওই পরিমাণ টাকা না থাকায় তিনি ফিরে এসেছেন।’
এএসআই নব কুমার জানান, নাম-ঠিকানায় মিলে যাওয়ায় তাঁকে ধরা হয়েছিল। এ ক্ষেত্রে আরও যাচাই করা উচিত ছিল। থানার ওসি বজলুর রশীদ জানান, মানুষ মাত্রেই ভুল হয়। সুতরাং দারোগারও ভুল হতে পারে।