পুলিশের ভুলে কারাগারে

‘শুয়ামি (স্বামী) পত্তিদিন কামলা দিয়া যা কামাই করত, তা দিয়াই চাইল কিনা আনত। শাশুড়িসহ চাইর পোলাপাইন নিয়া খাইতাম। সাত দিন ধইরা শুয়ামি জেলের ভাত খাইতাছে। আমার বাইত্তে (বাড়িতে) চাইল নাই। আমরা কী খামু।’
গতকাল শনিবার টাঙ্গাইলের সখীপুর থানার সামনে কথাগুলো বলেন পুলিশের ভুলে বিনা দোষে হাজতবাস করা দিনমজুর রফিকুল ইসলামের (৪৫) স্ত্রী নাজমা বেগম। এ সময় তিনি আরও বলেন, ‘শুক্কুরবার মেম্বর চাইল কিনা দিছাল। তাই খাইতাছি। আইছকা অসি (ওসি) সাব ডাকছাল। তিনি খাবার নিগা এক আজার টেহা দিছেন। কাইলকা রইবার (রোববার) কোট খোলা। অসি সাব কইছে, পুলিশের ভুল অইছে, তাই টেহা ছাড়াই আমার শুয়ামিকে জেল থেইকা বাইর কইরা দিব।’
শুধু নামে মিল থাকায় আসামি না হয়েও ২০১৫ সালের ১৪ মে একই মামলায় আরও একবার তিন রাত কারাবাস করেন চতলবাইদ গ্রামের ভূঁইয়াপাড়ার রফিকুল ইসলাম। এবারও সাত রাত ধরে হাজতে রয়েছেন তিনি।
এ নিয়ে গত শুক্রবার প্রথম আলোর অনলাইনে ‘নামের মিল থাকায় দিনমজুর কারাগারে’ শিরোনামে সচিত্র সংবাদ ছাপা হলে বিষয়টি পুলিশের নজরে আসে।
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, ‘শনিবার আদালত বন্ধ। তাই নির্দোষ রফিকুলকে রোববার পুলিশের খরচে কারাগার থেকে ছাড়িয়ে আনা হবে। গ্রেপ্তারের দিন কেউ থানায় এসে আমাকে বিষয়টি বললে হয়তো তাঁকে জেলে যেতে হতো না।’
এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর ক্যারম খেলা নিয়ে চতলবাইদ গ্রামের ভাতকুড়াপাড়া এলাকার প্রবাসী আবদুর রশিদের ছেলে রফিকুল ইসলামের (২৫) সঙ্গে খায়রুলের মারামারি হয়। এ ঘটনায় পরদিন রফিকুলসহ আরও দুজনকে আসামি করে মামলা হয়। একপর্যায়ে আসামি রফিকুল সিঙ্গাপুর চলে যান। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর ভিত্তিতে ১৪ মে দিনমজুর রফিকুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাবা মৃত ঠান্ডু মিয়া।
মামলার বাদী সায়েজ উদ্দিন বলেন, ‘পুলিশ এই মামলায় দুই বছর আগে একই ভুল করে এই রফিকুলকে জেল খাটায়। আমি আদালতে গিয়ে এই রফিকুল আসামি নন বলে শনাক্ত করলে তিনি ছাড়া পান। প্রকৃত আসামি রফিকুল চার মাস আগেও দুই মাসের জন্য বাড়ি এসেছিলেন। তখন পুলিশ তাঁকে ধরেনি।’
দিনমজুর রফিকুলের মা রোকেয়া বেগম বলেন, ‘১৪ মে দুপুরে ছেলেকে খাবার দিয়েছিলাম। এ সময় সাদাপোশাকে পুলিশ এসে খাবার প্লেট ফেলে দিয়ে টেনেহিঁচড়ে, লাথি, কিল, ঘুষি মেরে মোটরসাইকেলে তুলে নিয়ে চলে যায়। আমার ছেলে আসামি নয় বলে অনেক অনুনয় করলেও পুলিশ শোনেনি।’
প্রকৃত আসামি রফিকুলের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁদের সব ঘরেই তালা ঝুলছে। পাশের বাড়ির বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইব্রাহিম মিয়া বলেন, এ বাড়ির সব পুরুষই বিদেশে থাকেন। নারীরা কয়েক দিন ধরে নেই। সম্ভবত কোথাও বেড়াতে গেছেন। পুলিশ বারবার কেন একই ভুল করছে?
এ বিষয়ে সখীপুর থানার এএসআই এমদাদ হোসেন বলেন, নাম-ঠিকানা মিলে যাওয়ায় তাঁকে ধরা হয়েছিল। খাবার প্লেট ফেলে দেওয়া ও কিল-ঘুষি মারা প্রসঙ্গ এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আমার আরও যাচাই-বাছাই করা উচিত ছিল।’