পুলিশের ভয়ে ৪০ পরিবার ভিটাছাড়া
পুলিশের ভয়ে যশোর শহরের নেতাজি সুভাষ চন্দ্র বসু সড়কের ৪০টি পরিবার তাদের ভিটা ছেড়ে চলে গেছে। গতকাল শুক্রবার এই পরিবারগুলো নিজেদের ঘর ভেঙে চলে যেতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। উচ্ছেদ হওয়া জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করছে পুলিশ প্রশাসন।
এর আগে পুলিশ ওই জায়গার সামনের অংশ থেকে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করে ‘পুলিশ ক্লাব’ নামে সাইনবোর্ড টাঙিয়ে দেয়।
যশোর জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (সদর) মীর সাফিন মাহমুদ বলেন, ‘তারা কী কারণে চলে যাচ্ছে, তা ঠিক বলতে পারছি না। তবে তারা হয়তো বুঝতে পেরেছে যে জায়গাটি সরকারি। তারা অবৈধভাবে সেখানে বসবাস করছে। তা ছাড়া বোমা বিস্ফোরণের একটি মামলায় তাদের সাতজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। ওই মামলার তদন্ত চলছে। এসব কারণে তারা চলে যেতে পারে।’
১৯১০ সালে ১২০ শতক সরকারি জমি বরাদ্দ নিয়ে গোপীনাথ রায় চৌধুরী, মাসুদ আলম, আসাদুজ্জামান শিপলুসহ বেশ কয়েক ব্যক্তি বংশানুক্রমে ভোগদখল করে আসছিলেন।