নারায়ণগঞ্জের আড়াইহাজারে চীনের পাঁচজন নাগরিকের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী মামলা হয়েছে। গত সোমবার রাতে আড়াইহাজার থানার এসআই মো. সেলিম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে এ মামলা করেন।
গতকাল মঙ্গলবার উপজেলার বাঘবাড়ি এলাকা থেকে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে বিএনপির সাবেক নেতা মৃত রোকনউদ্দিন মোল্লার ছেলে মাঈনউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
উপজেলার বাঘবাড়ি এলাকায় রোকনউদ্দিন মোল্লার বন্ধ হয়ে যাওয়া আর এম গ্রুপের একটি স্থাপনা আছে। কয়েকজন চীনা ব্যবসায়ী রোকনউদ্দিনের ছেলেদের কাছ থেকে ওই স্থাপনার কয়েকটি গুদামঘর ভাড়া নিয়ে সেখানে পাওয়ার লুম কারখানার বিভিন্ন মেশিন ও যন্ত্রাংশের ব্যবসা করতেন। সোমবার রাতে আর এম গ্রুপের মূল ফটকের নিরাপত্তাকর্মী রফিকুলের সঙ্গে ফটক খোলা নিয়ে চীনের ব্যবসায়ীদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে রোকনউদ্দিনের ছেলে মাঈনউদ্দিন লোকজন সঙ্গে নিয়ে পিটিয়ে চীনের ওই পাঁচজন নাগরিককে আহত করেন।