পুলিশের মামলা, ৫ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় উভয় পক্ষের ২৭২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার সাংসদ আয়েশা ফেরদাউসের বাড়িতে একটি প্রতিবাদ সমাবেশ চলাকালে গুলি বর্ষণের জের ধরে আওয়ামী লীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে থানার উপপরিদর্শক (এসআই) সফিকুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।

হাতিয়া পুলিশ জানায়, মামলায় চর ঈশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হালিমসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ২৫০ জনকে অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে। মামলা দায়েরের পর গতকাল বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যান আবদুল হালিমসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, গত বুধবার হাতিয়ার সাংসদের বাড়িতে হামলার পর আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কেউ এখনো অভিযোগ করেনি। তবে সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার দায়ের করা মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ওসি আবদুল মজিদ বলেন, কোস্টগার্ডের অভিযানে আসামি আবদুল হালিমসহ কয়েকজন আটক হয়েছেন বলে তাঁরা শুনেছেন। তবে সন্ধ্যা পর্যন্ত কোস্টগার্ড এ বিষয়ে থানায় কিছু জানায়নি।

প্রসঙ্গত সাংসদ আয়েশা ফেরদাউসের স্বামী মোহাম্মদ আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রতিবাদে গত বুধবার তাঁর বাড়ির খোলা চত্বরে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে সাংসদ আয়েশা ফেরদাউস বক্তব্য দেওয়ার সময় একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছোড়ে ও ককটেল হামলা চালায়। এ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৩৯ জন আহত হন।