পুলিশের মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াটোলা মহল্লার বাসিন্দা পুলিশ সদস্য (কনস্টেবল) আবু মানিকের মোটরসাইকেল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে তাঁর বাসার সদর দরজার তালা ভেঙে বাজাজ ১০০ সিসি ডিসকাভার মোটরসাইকেলটি নিয়ে যায় চোর।

আবু মানিক ঢাকা থেকে বদলি হয়ে গতকালই সৈয়দপুর থানায় যোগদান করেন। এর আগে তিনি নয়াটোলা মহল্লায় বাসা ভাড়া নেন। তিনি জানান, পরিবারসহ রোববার বিকেলে ওই বাসায় ওঠেন। আজ সোমবার সকালে দেখেন, দরজার তালা ভেঙে তাঁর মোটরসাইকেলটি নিয়ে গেছে। মোটরসাইকেলটি নতুন হওয়ায় এটির নিবন্ধন নম্বর ছিল না।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোটরসাইকেল উদ্ধার ও চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দুদিন আগে ২৮ অক্টোবর একই এলাকার আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সৈয়দপুর শাখার সহকারী ব্যবস্থাপক আতিকুজ্জামান ও সান ফ্লাওয়ার স্কুল ও কলেজের প্রভাষক আমিরুল ইসলামের মোটরসাইকেল দুটি নিয়ে যায় চোরেরা।