
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। এ সময় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। আটক করা হয় তিনজনকে। এর আগে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আরও দুজন আহত হন।
গতকাল রোববার নিজেদের দাবির পক্ষে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে কেন্দ্রীয় গণগন্থাগারের সামনে এ ঘটনা ঘটে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মিলিত হন। সেখানে বিক্ষোভ সমাবেশ করে তাঁরা একটি মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হন।
মিছিলটি গ্রন্থাগারের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ফারজানা আক্তার ও নিশি নামের দুই শিক্ষার্থী আহত হন। তাঁদের তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শিক্ষার্থীরা এক পাশের রাস্তা অবরোধ করে সেখানে অবস্থান নেন।
বিক্ষোভ চলাকালে বেলা একটার দিকে শিক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে যায়। স্মারকলিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করার ফলে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হবে, শিক্ষার বাণিজ্যিকীকরণ বাড়বে এবং গ্রাম ও শহরের শিক্ষার বৈষম্য বৃদ্ধি পাবে।

দেড় শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। এ সময় রাস্তা বন্ধ থাকায় শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রোগীবাহী কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ছাড়া ওই পথে কোনো গাড়ি চলেনি। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়ি এলে সেটিকেও আটকে রাখা হয়। এ নিয়ে কয়েক দফা পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
বেলা দুইটার দিকে প্রতিনিধিদল ফেরত এলে আচমকা জলকামান ছোড়ে পুলিশ। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে তাঁদের বেশ কয়েকজনকে লাঠিপেটা করা হয়। এ সময় প্রতিনিধিদলের সদস্য ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থী রিয়াজুল ইসলাম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখান থেকেই তাঁকে আটক করা হয়। আটক হওয়া অন্য দুজন হলেন ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে চলতি বছর উচ্চমাধ্যমিক পাস করা আহসান হাবীব।
যোগাযোগ করা হলে তিনজনকে আটকের তথ্য নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাহেব আলী প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। তাঁদের সরে যেতে বলায় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে বাধ্য হয়ে জলকামান ব্যবহার করতে হয়েছে।
পুলিশের ধাওয়া খেয়ে শিক্ষার্থীরা গ্রন্থাগারের সামনে থেকে সরে এসে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় জড়ো হন। সেখানে তাঁরা আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন। বিকেল চারটা পর্যন্ত বিক্ষোভ করে পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। একপর্যায়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশও করেন শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা আটক শিক্ষার্থীদের মুক্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বহাল রাখার দাবি জানান। সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছিলেন। আটক শিক্ষার্থীদের যতক্ষণ পর্যন্ত মুক্তি না দেওয়া হবে, ততক্ষণ তাঁরা অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এ ছাড়া দ্বিতীয়বার ভর্তি-ইচ্ছুকদের আন্দোলনে পুলিশের হামলা ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন। পরে প্রগতিশীল ছাত্রজোটের পক্ষ থেকে সম্মিলিতভাবে একটি মিছিল করেন বাম ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা।