পুলিশের লাঠিপেটায় ঘেরাও কর্মসূচি পণ্ড, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দফা দাবিতে বিএসসি ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি গতকাল বুধবার দুপুরে পুলিশের লাঠিপেটা ও জলকামানে পণ্ড হয়ে গেছে। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ২০ শিক্ষার্থীকে আটক করে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল দুপুর পৌনে ১২টার দিকে সংগঠনটির শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। এতে প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে তাঁরা কাফন মিছিলসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের জন্য সচিবালয়ের দিকে রওনা দিলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় তাঁরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ তাঁদের বেধড়ক লাঠিপেটা করে। একপর্যায়ে পুলিশ জলকামান দিয়ে গরম পানি ছিটিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
বিএসসি ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে ডিপ্লোমাধারী। পরে তাঁরা একই প্রতিষ্ঠানে স্নাতক কোর্স করছেন। তাঁদের চার দফা দাবির মধ্যে আছে, পাস করার পর তাঁদের রোগী দেখার জন্য নিবন্ধন দেওয়া, বর্তমান পাঠ্যক্রম ঠিক রেখে দ্রুত ভর্তি-প্রক্রিয়া চালু করা, সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিসিএস ও অ্যাডহক ভিত্তিতে নিয়োগ, বর্তমান প্রশিক্ষণের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে সারা দেশে অভিন্ন পাঠ্যক্রমে কোর্স পরিচালনা করা।
আন্দোলনকারীরা জানান, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে তাঁদের দাবি পূরণ না হলে পরদিন শাহবাগে সমাবেশ করবেন তাঁরা। সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন জানান, সচিবালয়ে যাওয়ার পথে পুলিশ শিক্ষার্থীদের বাধা দিলে বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। পরে পুলিশ জলকামানের পানি ছিটিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় এবং ২০ শিক্ষার্থীকে আটক করে। তাঁদের বিরুদ্ধে মামলা হবে।