পুলিশের লাঠিপেটায় আহত ২০, আটক ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্রের বহিষ্কারের সুপারিশ বাতিলের দাবিতে চলা ছাত্র বিক্ষোভে গতকাল মঙ্গলবার পুলিশের লাঠিপেটা ও গ্রামবাসীর ধাওয়ায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশ ২৭ জন ছাত্রকে আটক করেছে।

আন্দোলনের মুখে নির্ধারিত সময়ের এক মাস আগে ১৫ দিনের ‘গ্রীষ্মকালীন ছুটি’ ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যা ছয়টার মধ্যে ছাত্রদের ও আজ বুধবার সকাল নয়টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বিকেলে এ নির্দেশ জারি করে।

পুলিশ, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্রের বহিষ্কারের সুপারিশ বাস্তবায়ন না করার দাবিতে ১৮টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে ১৬ দিন ধরে ক্যাম্পাসে আন্দোলন করছেন। গতকাল সকাল নয়টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে উপাচার্য আবদুস সাত্তারকে অবরুদ্ধ করে রাখেন। বেলা একটার দিকে পুলিশ ছাত্রদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের লাঠিপেটা এবং গ্রামবাসীর ধাওয়ায় অন্তত ২০ জন ছাত্র আহত হন। তাঁদের মধ্যে অণুজীব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আশিকুর রহমান এবং জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র পাভেল মাহমুদের অবস্থা গুরুতর। আটক হওয়ার ভয়ে তাঁরা হাসপাতালে ভর্তি না হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, আটক হওয়া ২৭ জনের মধ্যে অধিকাংশ ছাত্রই বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা আইসিটি মামলার আসামি। তাঁদের গ্রেপ্তার দেখানো হবে। চলমান আন্দোলনের পক্ষে ফেসবুকে প্রচারণাসহ নানা অভিযোগে গত রোববার এ মামলা করা হয়। গতকালের ঘটনায় নতুন মামলা না হলে বাকিদের ছেড়ে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. হায়াতুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত ছিল ২৬ মে থেকে ১০ জুন পর্যন্ত। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য ছুটি এগিয়ে ২৭ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় গত বছরের ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তাকর্মী বদিউজ্জামান বাদলকে কয়েকজন ছাত্র মারধর করেন। পরে বাদল গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ছাত্রদের ওপর হামলা করেন। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। শিক্ষার্থীরা বাদলের শাস্তির দাবিতে ক্যাম্পাসে লাগাতার ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভের মুখে ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ওই ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটি ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন রিজেন্ট বোর্ডের সভায় পাঁচজন ছাত্র ও একজন কর্মচারীকে বহিষ্কারের সুপারিশ করে প্রতিবেদন দেয়। বোর্ড ওই সুপারিশ গ্রহণ করে ছয়জনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর বিরুদ্ধে শিক্ষার্থীরা আবার আন্দোলনে যান। গতকালের ঘটনা নিয়ে রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠকে ডেকেছে।