পুলিশের লাঠিপেটায় বিএনপির কর্মসূচি পণ্ড
মুন্সিগঞ্জ শহরে গতকাল সোমবার পুলিশের লাঠিপেটায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পণ্ড হয়ে গেছে। এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনসহ ১৫ নেতা-কর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের জন্য গতকাল বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার সুপার মার্কেটে জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা জড়ো হন। নেতা-কর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় লাঠির আঘাতে সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতোয়ার হোসেন, পঞ্চসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা হাবিবুর রহমান, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, ছাত্রদলের নেতা মো. অনিক, মুরাদ হোসেন, মো. অপু, কাশেমসহ ১৫ নেতা-কর্মী আহত হন।
বিএনপির কয়েকজন নেতা-কর্মী বলেন, পুলিশের বেধড়ক লাঠিপেটার কারণে নেতা-কর্মীরা পৌর মার্কেটের বিভিন্ন দোকানের ভেতরে আশ্রয় নেন। সেখানে ঢুকেও পুলিশ লাঠিপেটা করে। অনেক নেতা-কর্মী লাঠিপেটা থেকে বাঁচতে বিএনপির কার্যালয়ের দোতলা থেকে লাফ দেন। এতে কেউ কেউ আহত হন।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতোয়ার হোসেন বলেন, ‘এমনিতেই আমার ভাঙা পা। তার মধ্যে পুলিশের লাঠিপেটা খেয়ে নেতা-কর্মীরা আমরা ওপর হুমড়ি খেয়ে পড়েন। এতে আমার ভাঙা পায়ে আবার ব্যথা পেয়েছি। পুলিশ কোনো কারণ ছাড়াই লাঠিপেটা শুরু করে। এতে ১৫ জন নেতা-কর্মী আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।’
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজুর রহমান বলেন, বিক্ষোভ সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় লাঠিপেটা করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।