পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের ধস্তাধস্তি, আহত ২

কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তাঁর কর্মী-সমর্থকদের সঙ্গে গতকাল বুধবার পুলিশের ধস্তাধস্তিতে দুজন আহত হয়েছেন। রৌমারী ও রাজীবপুর উপজেলাকে জামালপুরের সঙ্গে অন্তর্ভুক্তকরণ-বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিতে পুলিশ বাধা দিলে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ ও পুলিশ সূত্রে জানা যায়, জামালপুরের সঙ্গে রৌমারী ও রাজীবপুর যুক্ত হবে কি না, সে সংক্রান্ত জনমত যাচাইয়ের লক্ষ্যে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজীবপুর উপজেলা পরিষদে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহউদ্দিন, পুলিশের ময়মনসিংহ অঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, শেরপুরের জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, জামালপুরের জেলা প্রশাসক সাহাবুদ্দিন খান ও কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ রুহুল আমিনসহ রৌমারী ও রাজীবপুর উপজেলা পরিষদের দুই চেয়ারম্যান ও দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেনসহ নেতা-কর্মীদের ভাষ্য, এ মতবিনিময় সভায় রৌমারীর বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের কাউকে ডাকা হয়নি। এ পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে তিনি (জাকির হোসেন) ওই সভায় যোগ দিতে ৩০-৪০টি মোটরসাইকেলে করে নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে রওনা হন। কিন্তু রৌমারী-রাজীবপুর-ঢাকা সড়কের বালিয়ামারী চৌরাস্তা এলাকায় গেলে রাজীবপুর থানার উপপরিদর্শক (এসআই) আশারফুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাঁদের বাধা দেয়। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। এতে কর্মী শাহীন আলম (৩৮) ও বাবু মিয়া (৩৫) আহত হন। একপর্যায়ে পুলিশের বাধা ভেঙে তাঁরা রাজীবপুরে গিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
জাকির হোসেন আরও বলেন, রৌমারীবাসীর মতামত না নিয়ে একটি কুচক্রী মহল এ উপজেলাকে জামালপুরের সঙ্গে একীভূত করার অপচেষ্টা চালাচ্ছে। এটা রৌমারীর বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। পথে পুলিশ তাঁদের বাধা দেয়। লাঠিপেটাও করে।
রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মতবিনিময় সভার সময় রৌমারীর কেউ যেন রাজীবপুরে ঢুকতে না পারে, সে ব্যাপারে ওপরের নির্দেশ ছিল। সেই নির্দেশ পালন করতেই বাধা দেওয়া হয়।