পুলিশের সঙ্গে গুলি বিনিময়, দুই ডাকাত গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের ইকোপার্ক এলাকায় পুলিশের সঙ্গে ডাকাতের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ডাকাত দলের দুই সদস্য গুলিবিদ্ধ ও পুলিশের দুই সদস্য আহত হন।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পৌর সদরের দক্ষিণ মহাদেবপুর ইকোপার্ক এলাকায় শেফায়েত মঞ্জিল নামে একটি বাড়িতে ডাকাতির সময় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন কামাল শেখ (৫০) ও মো. হোসেন (২৭)। তাঁদের প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ওই দুজনের বাড়ি খুলনার রূপসা ও সানাটিতে।

এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের মধ্যে পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক, উপপরিদর্শক (এসআই) সুজয় কুমার মজুমদার ও মাহফুজুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কনস্টেবল মমিনুল হক ও মেহেদী হাসানকে ভর্তি করানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে আট থেকে ১০ জনের একদল ডাকাত শেফায়েত মঞ্জিলে ডাকাতি করতে যায়। এ সময় তাঁরা ঘরের দরজা ধাক্কা দিতে থাকলে ভেতরে থাকা লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে কামাল শেখ ও মো. হোসেন গুলিবিদ্ধ হন। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় পালানোর জন্য কামাল ও হোসেন বাড়ির ছাদ থেকে লাফ দিলে তাঁদের আটক করতে কনস্টেবল মুমিনুল ও মেহেদীও ছাদ থেকে লাফ দেয়। এতে তাঁরা দুজন আহত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস এম নুর উদ্দিন প্রথম আলোকে বলেন, কামাল ও হোসেনের ডান পায়ে হাঁটুর ওপরে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুজনকে ভর্তি আছেন।

শেফায়েত মঞ্জিল বাড়ির সদস্য আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, ডাকাতেরা তাঁদের দরজা ভাঙার চেষ্টা করছিল। মোবাইল ফোনে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে ডাকাতদের ধাওয়া করে। ডাকাতেরা দুটি কানের দুল ও পাঁচ হাজার টাকা নিয়ে গেছে।

এস আই সুজয় কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আটক দুজনের কাছ থেকে একটি এলজি, পাঁচটি কার্তুজ, একটি রেঞ্জ, দুটি কোরাবারি ও একটি রড জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।