পুলিশের সঙ্গে গুলিবিনিময়, দুই 'ছিনতাইকারী' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরে রিকশাচালককে হত্যায় জড়িত সন্দেহে দুই ‘ছিনতাইকারী’কে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের গুলিবিনিময় হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের আটক করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন শহরের চক সূত্রাপুর এলাকার তপন মিয়া (২৪) ও লিটন মিয়া (৩৩)। গতকাল ভোররাতে শহরের দত্তবাড়ি-নামাজগড় সড়কের কাটনারপাড়া করোনেশন ইনস্টিটিউশনের সামনে থেকে তাঁদের ধরা হয়।
পুলিশের দাবি, দুজনই দুর্ধর্ষ ছিনতাইকারী। তাঁদের কাছ থেকে দুটি চাকু ও ঈদের রাতে একই সড়কে ছুরিকাঘাতে নিহত রিকশাচালক আবদুল জলিলের মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ সময় আরও দুই থেকে তিনজন পালিয়ে যান।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, গতকাল ভোর সাড়ে তিনটা থেকে চারটার দিকে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত দত্তবাড়ি-নামাজগড় সড়কের কাটনারপাড়া করোনেশন ইনস্টিটিউশনের পাশে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে ছিল। এ সময় সামনে পড়লে টহল পুলিশের একটি দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে ছিনতাইকারীরা। পুলিশও আত্মরক্ষার্থে কয়েকটি গুলি ছোড়ে।