পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুজন নিহত
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার অগ্রখোলা এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত দুই ব্যক্তি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।
পুলিশের ভাষ্য, গতকাল রাত দেড়টার দিকে ডাকাতের উপস্থিতি টের পেয়ে অগ্রখোলা এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার থেকে কয়েকজন ডাকাত পুলিশের ওপর গুলি চালায়। তখন পুলিশ পাল্টা গুলি চালালে মনতাজুল ইসলাম ওরফে মনতাজ (৪৮) ও তাঁর সহযোগী স্বপন (৪২) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন। তিনি বলেন, নিহত মনতাজ ডাকাত দলের সরদার। আর স্বপন তাঁর সহযোগী। তাঁরা রাজধানীসহ আশপাশের এলাকায় স্বর্ণের দোকান ও বাসাবাড়িতে ডাকাতি করতেন। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।
দুজনের লাশ আজ বৃহস্পতিবার ভোররাতে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।