পুলিশের সঙ্গে গোলাগুলিতে 'জঙ্গি' নিহত, আটক ৩ নারী

রাজধানীর আজিমপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক ‘জঙ্গি’ নিহত হয়েছে। আহত হয়েছেন পাঁচজন পুলিশ সদস্য। এ ঘটনায় তিনজন নারীকে আটক করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার শাহাবুদ্দিন কোরেশি ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, ‘গোলাগুলিতে এক জঙ্গি নিহত হয়েছেন। তিন নারী জঙ্গিকে আহত অবস্থায় আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।’
পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার রাতে আজিমপুরের একটি বাসায় অভিযান চালায় পুলিশ। পরে কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াটের সদস্যরা অভিযানে যোগ দেয়। এ সময় পুরো এলাকায় ঘিরে রাখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত পৌনে দশটার দিকে ওই বাড়ি থেকে একজন নারী ও এক শিশুকে গাড়িতে করে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
একটি সূত্র জানায়, আজিমপুরের ওই বাসাটি চলতি মাসের ১ তারিখে ভাড়া নেয় মিরপুর থেকে আসা এক ব্যক্তি। তাই স্থানীয় লোকজন ওই বাসার বাসিন্দাদের সেভাবে চিনতেন না।
এর আগে লালবাগ থানা-পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) জানিয়েছিলেন, এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন একজন নারীকে আটক দেখানো হয়েছে। এটি জঙ্গি হামলা কি না, জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা বলেন, সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। এর বেশি কিছু এখনই বলা যাচ্ছে না।

আরও পড়ুন: