পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া
রাজশাহীতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে আজ বুধবার বিক্ষোভ মিছিল করার সময় জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন জামায়াত-শিবিরের কর্মীরা। একটি হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়।
প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান। তাঁর ভাষ্য, দুপুর সোয়া ১২টার দিকে নগরের নিউমার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। মিছিল শেষে অলোকার মোড়ে সংক্ষিপ্ত একটি সমাবেশ হয়। এ সময় পুলিশ সেখানে পৌঁছলে তাঁরা কাদিরগঞ্জের দিকে পালিয়ে যান। পুলিশ পিছু নিলে নগরের ষষ্ঠীতলা মসজিদের সামনে থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁদের ছত্রভঙ্গ করতে শটগানের ২৪টি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় কাদিরগঞ্জ এলাকায় রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে তাঁরা পুলিশকে লক্ষ্য করে একটি হাতবোমা ছোড়েন। বোমাটি রাস্তার পাশে একটি চায়ের দোকানের পানির ড্রামে লেগে বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি।