পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরে গতকাল বৃহস্পতিবার পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রশিবিরের এক নেতাসহ অন্তত ১০ জন আহত হন।
জামায়াত-শিবিরের কর্মীরা ঢাকা–রংপুর মহাসড়কে কমপক্ষে ১৫টি গাড়ি ভাঙচুর করেন।
পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আরিফুল ইসলাম দাবি করেন, ছাত্রশিবিরের উপজেলা কমিটির সভাপতি আশরাফুল ইসলামসহ জামায়াত-শিবিরের কয়েকজন নেতা-কর্মীর শরীরে রাবার বুলেট লেগেছে।
পলাশবাড়ী থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা সদরের মিতালী হোটেল এলাকা থেকে গতকাল বেলা একটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে উপজেলা সদরের সাথী সিনেমা হলের সামনে অবস্থান নেন। তাঁরা সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে।
পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা মহাসড়কে অবস্থান নেন। ফলে বেলা পৌনে দুইটা থেকে পৌনে তিনটা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সেখানেও দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের অর্ধশত গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।