পুলিশের সঙ্গে দফায় দফায় বন্দুকযুদ্ধ, আটক ২
কক্সবাজারের মহেশখালী উপজেলায় ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বন্দুকযুদ্ধের পর অস্ত্র-গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গাপাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন তালিকাভুক্ত অস্ত্র ব্যবসায়ী মাহমুদুল হকের সহযোগী এরশাদ উল্লাহ (২৮) ও নুরুন্নাহার (৪৫)। নুরুন্নাহারের বাড়ি উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গাপাড়া গ্রামে ও এরশাদ উল্লাহর ঢাকার চকবাজারে।
মহেশখালী থানা-পুলিশের ভাষ্যমতে, সোমবার দুপুর ১২টার দিকে দেবেঙ্গাপাড়ার বাসিন্দা ও থানার তালিকাভুক্ত অস্ত্র ব্যবসায়ী মাহমুদুল তাঁর আস্তানায় দেশীয় অস্ত্র, মাদক ও ইয়াবা বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রথমে অস্ত্র ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুই পক্ষের মধ্যে প্রায় চার ঘণ্টা দফায় দফায় বন্দুকযুদ্ধ চলে। এ সময় পুলিশ একটি দেশীয় বন্দুকসহ অস্ত্র ব্যবসায়ী মাহমুদুল হকের অন্যতম সহযোগী এরশাদ উল্লাহকে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তিমতে মাহমুদুল হকের আস্তানার কাছ থেকে এক হাজার লিটার মদ ও আরও দুটি দেশে তৈরি লম্বা বন্দুক উদ্ধার করে। আর অস্ত্র ব্যবসায়ী আরিফ উল্লাহর বাড়ি থেকে অস্ত্র, মাদকসহ তাঁর মা নুরুন্নাহারকে আটক করে। এ ছাড়া অস্ত্র ব্যবসায়ী মাহমুদুল হকের বাড়িতে তল্লাশি চালিয়ে দেশে তৈরি আরও দুটি এলজি উদ্ধার করে।
ওসি প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, মাহমুদুল হক তালিকাভুক্ত অস্ত্র ব্যবসায়ী। বন্দুকযুদ্ধের সময় পুলিশ ৫০টি গুলি ছোড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে দেশে তৈরি সাতটি অস্ত্র, ৩০টি গুলি, তিনটি লম্বা কিরিচ, ৩০০ গ্রাম গাঁজা ও এক হাজার লিটার মদসহ দুজনকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় মামলা করা হবে।