পুলিশের সঙ্গে পৃথক 'বন্দুকযুদ্ধে' নিহত ৩
ঢাকা, বগুড়া ও কক্সবাজারে পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার ভোররাতের মধ্যে কথিত এই বন্দুকযুদ্ধ হয়।
পুলিশের ভাষ্যমতে, নিহত তিনজন হলেন সাগর ওরফে জুলহাস, আবু মুসা ও আবদুস সাত্তার।
জুলহাস রাজধানীর পুরান ঢাকায়, মুসা বগুড়ার কাহালু উপজেলায় ও সাত্তার কক্সবাজারের মহেশখালীতে নিহত হন।
ঢাকা: কোতোয়ালি থানার গোয়ালনগর এলাকায় দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাগর ওরফে জুলহাস নিহত হন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের ভাষ্য, নিহত সাগর ডাকাত দলের সদস্য ছিলেন। ছিনতাইয়ের ঘটনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
নিহত সাগরের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
কক্সবাজার: মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলী নয়াপাড়া এলাকায় ভোররাত সাড়ে পাঁচটার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাত্তার নিহত হন।
নিহত সাত্তার উপজেলার মাঝের পাড়া গ্রামের নুরুস সাফার ছেলে।
পুলিশের ভাষ্য, সাত্তার তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের স্থান থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও ২৫টি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, নয়াপাড়া পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের ধরতে অভিযানে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে সাত্তার নিহত হন। তাঁর সহযোগীরা পালিয়ে যান।
বগুড়া: কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নে গতকাল রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক জঙ্গি নিহত হন।
পুলিশের ভাষ্য, নিহত মুসা নব্য জেএমবির পাবনা-কুষ্টিয়া-নাটোর-সিরাজগঞ্জ অঞ্চলের প্রধান ছিলেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, দুর্গাপুর ইউনিয়নে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশের পাল্টা গুলি ছোড়ে। এতে এক দুর্বৃত্ত গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে জানা যায়, নিহত ব্যক্তি নব্য জেএমবির নেতা ছিলেন।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ইকবাল হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, রুহুল বয়ান, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি ও আনোয়ার পারভেজ, বগুড়া প্রতিনিধি।
আরও পড়ুন: