পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের ধস্তাধস্তি, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেতা সেজে প্রথমে মাদক কিনতে যায় পুলিশ। পরে পুলিশের এক কর্মকর্তা ও এক সদস্যের সঙ্গে তিন মাদক ব্যবসায়ীর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও ছয় বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করে পুলিশ। গত শনিবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ক্রেতা সেজে এক পুলিশ সদস্যসহ সাদা পোশাকে উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান শনিবার রাত নয়টার দিকে উপজেলার শমশেরনগর কানিহাটি চা-বাগানের জোড়া সেতু এলাকায় যান। ফেনসিডিলের জন্য টাকা দিয়ে একপর্যায়ে মাদক ব্যবসায়ী বসন্ত রবিদাসকে (২৫) ঝাপটে ধরেন পুলিশ সদস্য সোহেল আহমেদ। এ সময় ওই তিন মাদক ব্যবসায়ীর সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। কিছুক্ষণ ধস্তাধস্তির পর দুই মাদক ব্যবসায়ী তাঁদের (মতিউর ও সোহেল) অপহরণকারী বলে চিৎকার করে পালিয়ে যায়। প্রথমে জনতার বাধার মুখে পড়েন মতিউর ও সোহেল। পরে জনতা পুলিশ সদস্যদের পরিচয় জানতে পারেন। এ সময় বসন্তকে আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান মতিউর ও সোহেল।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মতিউর রহমান প্রথম আলোকে জানান, বহিরাগত একটি চক্রের মদদে চা-বাগানের কিছুসংখ্যক শ্রমিকের সন্তানেরা মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে।
মতিউর রহমান আরও জানান, এ চক্রের সদস্যদের হাতেনাতে ধরতে গত শনিবার রাতে ক্রেতা সেজে পরিকল্পিতভাবে অভিযান চালানো হয়। এ সময় ধস্তাধস্তি করে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও ওই ছয় বোতল ফেনসিডিলসহ বসন্তকে আটক করা হয়। বসন্তকে গ্রেপ্তার দেখিয়ে রাতেই কমলগঞ্জ থানায় স্থানান্তর করা হয়।