পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার সরষাই গ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে আবদুর রহিম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত ব্যক্তি সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও ডাকাত।

আবদুর রহিমের বয়স ৩৫ বছরের মতো। বাড়ি একই উপজেলার দুর্গাপুর গ্রামে।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়ার ভাষ্য, একটি বাগানে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় ডাকাত ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আবদুর রহিম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাঁরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নাসিম মিয়া বলেন, আব্দুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তিনি গণধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।

নিহত ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।