পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াত-শিবিরের সাত-আটজন গুলিবিদ্ধ
রাজধানীর মগবাজার এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাত-আটজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন মো. সুমন মিয়া ও আল-আমিন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের নেতা মীর কাসেম আলীর আপিলের রায় ঘোষণার পর বেলা সোয়া ১১টার দিকে জামায়াত-শিবিরের ২০-২৫ জন সদস্য সিদ্ধেশ্বরীর সুধী সমাবেশ গলি থেকে ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। পরে তাঁরা রাস্তায় গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পুলিশ আত্মরক্ষার্থে চারটি শটগানের গুলি করে। এতে জামায়াত-শিবিরের সাত-আটজন কর্মী গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুমনকে এবং কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে আল-আমিনকে আটক করে পুলিশ।
তবে সুমনের খালাতো ভাই মো. হানিফ প্রথম আলোকে বলেন, সুমন একটি তরল দুধ বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী। গতকাল সুধী সমাবেশের ওই গলির দোকানে দুধ সরবরাহ করতে গেলে পুলিশ ও মিছিলের মাঝখানে পড়ে যান তিনি। তাঁর শরীরের ১০-১২ জায়গায় পুলিশের ছররা গুলি লাগে। জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সুমনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেন।
জানতে চাইলে রমনা থানার ওসি মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সুমনের বিষয়টি তাঁরাও শুনেছেন। দুধ কোম্পানির কর্মকর্তারা তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। বিষয়টি আরও যাচাইবাছাই করে জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া না গেলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। তবে ওসি জানান, আটক আল-আমিন নিজেই স্বীকার করেছেন তিনি শিবিরের কর্মী।
এদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত দাবি করেছে গতকাল ঢাকা, কক্সবাজার, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা মহানগরে পুলিশের লাঠিপেটা ও গুলিতে জামায়াতের সাতজন নেতা-কর্মী আহত হন। আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।