পুলিশের সঙ্গে 'গুলিবিনিময়ে' যুবক নিহত
রাজধানীর রূপনগরে ‘গুলিবিনিময়ে’ এক যুবক মারা গেছেন বলে দাবি করেছে পুলিশ। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে রূপনগর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুর থানার কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিনের ভাষ্য, গতকাল রাতে পুলিশ মিরপুর ২ নম্বরের একটি বাসা থেকে এমাদউল্লাহ (২৫) নামের এক যুবককে আটক করে। পুলিশের দাবি, তিনি ছাত্রশিবিরের কর্মী। এ সময় আরও ১১ জনকে আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি পেট্রলবোমা উদ্ধার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ অন্য অপরাধীদের গ্রেপ্তার এবং বিস্ফোরক উদ্ধারে রূপনগরের বেড়িবাঁধ এলাকায় যায়। এ সময় সেখানে ওত পেতে থাকা আটক সন্ত্রাসীদের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় পুলিশ গিয়ে এমাদউল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।
পরে আজ ভোরে এমাদউল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ওসির দাবি, আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ গানপাউডার, পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। তবে তার পরিমাণ তিনি জানাননি।