পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক 'ডাকাত' নিহত
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘুরিয়া এলাকায় গতকাল সোমবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মো. শামীম ওরফে ফকীর (৪০)। তিনি তেঘুরিয়া গ্রামের ফকিরপাড়ার বাসিন্দা। পুলিশ বলছে, শামীম ডাকাত সর্দার। তাঁর বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে।
এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক গুলিবিদ্ধসহ চার সদস্য আহত হয়েছেন। আহত অন্যরা হলেন এসআই মো. বারেক, সহকারী উপপরিদর্শক (এএসআই) পান্নু মিয়া ও কনস্টেবল মো. সুমন। আবদুর রাজ্জাককে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
থানা-পুলিশ সূত্রের ভাষ্যমতে, গতকাল রাত ১১টার দিকে তেঘুরিয়ার কোয়ালিকান্দা এলাকায় শামীমের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপনে খবর পেয়ে এসআই আবদুর রাজ্জাকের নেতৃত্বে সেখানে পুলিশের একটি দল অভিযান চালাতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় শামীম ও আবদুর রাজ্জাক গুলিবিদ্ধ হন। এ ছাড়া ধস্তাধস্তিকালে মো. বারেক, পান্নু মিয়া ও মো. সুমন আহত হন। বাকি ডাকাতেরা পালিয়ে যায়। আহত অবস্থায় প্রথমে সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শামীমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আবদুর রাজ্জাককে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপদ মণ্ডল রাত সাড়ে ১২টার দিকে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় রাতেই মামলা হবে। আসামিদের ধরার চেষ্টা চলছে।