পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল কাদের (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, আবদুল কাদের একাধিক ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি। বাড়ি সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামে। গতকাল মঙ্গলবার সকালে আবদুল কাদেরের ছেলে আবদুল রাকিব তাঁর লাশ শনাক্ত করেন।
পুলিশের ভাষ্যমতে, রাত দুইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকার মৌলভীপাড়া জামে মসজিদের পাশে একটি স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ১০-১২ জনের একটি ডাকাত দল। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা-পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এর একপর্যায়ে কাদের নিহত হন। অন্য ডাকাতেরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চারটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি, একটি পাইপগান ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, ডাকাতদের হামলায় কনস্টেবল সোহেল মিয়া (২৩), আলী হোসেন (৩৮), রুবেল মিয়া (২৩) ও জুনায়েদ আলম (২২) আহত হন। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এলাকাবাসীর অভিযোগ, গত ৮ মার্চ রাতে কাদেরসহ তিনজন ডাকাত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি গ্রামে এক গৃহবধূর ঘরে ঢোকে। পরে গৃহবধূকে (২৮) বেঁধে মুখোশ পরা একজন তাঁকে ধর্ষণ করে। ধস্তাধস্তিতে মুখোশ খুলে গেলে তাঁকে কাদের বলে চিনে ফেলেন গৃহবধূ। তখন কাদের গৃহবধূকে ছুরিকাঘাত করেন। ডাকাতেরা ঘর থেকে তিন লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন নিয়ে যায়। এ ঘটনায় গত ১০ মার্চ প্রথম আলোয় ‘ধর্ষণ, চিনে ফেলায় ছুরিকাঘাত’ শিরোনামে খবর ছাপা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মঈনুর রহমান প্রথম আলোকে বলেন, কাদেরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল থানায় ১২টি মামলা আছে। এর মধ্যে সাতটি ডাকাতির মামলা, দুটি ধর্ষণের, দুটি অস্ত্র আইনে ও একটি পুলিশের ওপর হামলার অভিযোগে।