পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কাশিয়ানীর পঞ্চবটী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অপর এক ব্যক্তিসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম দুলাল মাতুব্বর (৪০)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙাদিয়া গ্রামের বাসিন্দা। একই জেলার সদর উপজেলার বৈঠাখালী গ্রামের বাবু শেখ (৪২) গুলিবিদ্ধ হয়েছেন। গ্রেপ্তারকৃত বাকি দুজন হলেন নগরকান্দার কোদালিয়া শহীদ নগর গ্রামের শামীম শেখ (২৮) ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের নাগদী গ্রামের আতিয়ার মাতুব্বর (৩৫)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাত দলের সদস্য। বন্দুকযুদ্ধে পুলিশের এসআই এমানুর হোসেনসহ দুই কনস্টেবল আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনূর হোসেনের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন ডাকাত। এ সময় পুলিশের একটি টহল দল সেখানে হাজির হয়ে চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ দুজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা ও একটি দা উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম বলেন, গতকাল আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের বাঁ পায়ে গুলি লেগেছিল। এর মধ্যে দুলাল মাতুব্বর অতিরিক্ত রক্তক্ষরণে বিকেলে মারা যান। আর বাবু শেখ চিকিৎসাধীন আছেন।
দুলালের শ্যালক মো. শিপন প্রথম আলোকে বলেন, ফরিদপুরে অটোরিকশা চালাত দুলাল। ইদানীং রোজগার কম হওয়ায় ট্রাকে চালকের সহযোগীর কাজ নেন তিনি। তবে দুলাল ডাকাতির সঙ্গে জড়িত ছিল কি না সে ব্যাপারে তিনি কিছু জানেন না।
এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলার অভিযোগে দুটি মামলা হয়েছে। ওসি এ কে এম আলীনূর হোসেন বলেন, গ্রেপ্তারকৃত শামীম ও আতিয়ারকে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।