পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
ফেনীর ফুলগাজীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কাজী একরাম হোসেন ওরফে সাইফুল (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আট পুলিশ সদস্যসহ ১০ জন। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত একরাম ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ফুলগাজী ও ছাগলনাইয়া থানায় সন্ত্রাস, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলাসহ ১২টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, উপজেলার জিএমহাট বাজারের পাশে একটি ইটভাটায় স্থানীয় সন্ত্রাসীরা নিয়মিত চাঁদাবাজি করে আসছিল। ইটভাটার মালিকপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। অভিযোগ পেয়ে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার জন্য গতকাল শুক্রবার বিকেলে ফুলগাজী থানার এসআই সেলিম উল্লাহ ও কনস্টেবল আবুল খায়ের মোটরসাইকেল যোগে সেখানে যান। তাঁরা ইটভাটায় পৌঁছানো মাত্রই ১০ থেকে ১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এ সময় সন্ত্রাসীরা সেলিম উল্লাহকে পিটিয়ে এবং আবুল খায়েরকে কুপিয়ে জখম করে। তাঁদের চিৎকারে স্থানীয় ও ইটভাটার লোকজন এগিয়ে আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা হয়।
পরে রাতে ফুলগাজী ও ছাগলনাইয়া থানার পুলিশ যৌথ অভিযানে নামে। ছাগলনাইয়ার পাঠাননগর গ্রাম থেকে একরাম, ইউনুছ আলী ও এমদাদুল হককে তালাবদ্ধ একটি ঘর থেকে গ্রেপ্তার করে প্রথমে ছাগলনাইয়া ও পরে ফুলগাজী থানায় নিয়ে যাওয়া হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, ভোররাত চারটার দিকে গ্রেপ্তার তিনজনকে নিয়ে তাঁদের দেওয়া তথ্যমতে অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অন্ত্র উদ্ধারে বের হয় পুলিশ। জিএমহাট বাজারের পাশে ইটভাটার কাছাকাছি স্থানে গেলে তাঁদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পাল্টাপাল্টি এ গুলির ঘটনায় এই তিনজন এবং পুলিশের আট কর্মকর্তা ও কনস্টেবল আহত হয়। গুলিবদ্ধ তিন আসামিকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।
অপর গুলিবিদ্ধ দুই যুবক ইউনুছ আলী (২০) ও এমদাদুল হককে (২৬) পুলিশ পাহারায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আর আহত পুলিশ সদস্য উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন, রাশেদুল কবীর, টিএসআই আইয়ুব খান, এএসআই শফিকুর রহমান, কনস্টেবল প্রদীপ চাকমা, চন্দ্রিকা ত্রিপুরা, আবুল কাশেম ও ফারুক মিয়াকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত সাইফুলের একজন নিকটাত্মীয় নাম প্রকাশ না করে বলেন, সাইফুল স্থানীয় ইটভাটায় মাটি সরবরাহকারী একজন ঠিকাদার ছিলেন। মাটি সরবরাহ করার ঘটনাকে কেন্দ্র করে একজন ইটভাটা মালিকের সঙ্গে তাঁর বিরোধ হয় এবং গতকাল পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। রাতেই পুলিশ তাঁকে ঘর থেকে ধরে নিয়ে যায়।