পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১
সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের ভাষ্য, গুলিবিদ্ধ ব্যক্তি পেশাদার ডাকাত। তাঁর বিরুদ্ধে ডাকাতির আটটি মামলা আছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ইসলামকাটিতে কথিত বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করার দাবি করেছে পুলিশ।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম আতিয়ার মোড়ল (৩৪)। তাঁর বাড়ি উপজেলার লাউতাড়া গ্রামে। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা আলমগীর কবীর বলেন, আতিয়ারকে গতকাল দিবাগত রাত তিনটার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বাম হাঁটুর নিচে গুলি লেগেছে। তিনি শঙ্কামুক্ত।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলামের ভাষ্য, ইসলামকাটির একটি কলেজের পেছনে একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদল গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। একপর্যায়ে ডাকাতদল পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একজন ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ আতিয়ার মোড়লের স্ত্রী মাসুরা খাতুনের দাবি, তাঁর স্বামীকে গত শনিবার রাতে বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। আজ সকালে তাঁর গুলিবিদ্ধ হওয়ার খবর পান তিনি।
মাসুরা খাতুনের ভাষ্য, তাঁর স্বামী একজন দিনমজুর। তাঁর নামে ডাকাতির কয়েকটি মামলা আছে। দুটি মামলায় দুবার জেলে গেছেন। পরে জামিনে ছাড়া পান তিনি।
তালা থানার ওসি রেজাউল ইসলামের ভাষ্য, আতিয়ার পেশাদার ডাকাত। তাঁর বিরুদ্ধে সাতক্ষীরা, যশোর ও খুলনার বিভিন্ন থানায় আটটি মামলা আছে। বন্দুকযুদ্ধের স্থান থেকে দুটি শাটারগান, দুটি ছোরা ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।