পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১
সাতক্ষীরার শ্যামনগরের ইছাপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আজ মঙ্গলবার ভোর চারটার দিকে মনসুর আলী শেখ (৪৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, তিনি একজন ইয়াবা ব্যবসায়ী। মনসুরের স্ত্রীর দাবি, তাঁর স্বামী একজন কৃষক। গ্রেপ্তারের পরে তিনি গুলিবিদ্ধ হন।
মনসুরের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চণ্ডীপুর গ্রামে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের ভাষ্য, গোপন সূত্রে তাঁরা জানতে পারেন যে একদল মাদক ব্যবসায়ী ইয়াবা পাচার করছেন। রাত একটার দিকে উপপরিদর্শক (এসআই) আবদুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়। আবদুল কাদেরের ভাষ্য, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাঁদের দিকে ইটের টুকরো ছোড়ে। পরে ককটেলের বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যান। এ সময় তাঁর কাছ থেকে ২৮টি ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়।
গুলিবিদ্ধ মনসুর আলীর স্ত্রী ফরিদা খাতুনের ভাষ্য, তাঁর স্বামী মনসুর আলী শেখ পেশায় কৃষক। গতকাল দুপুর দুইটার দিকে শ্যামনগর বাস টার্মিনাল এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ সকালে তিনি জানতে পারেন তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।
গুলিবিদ্ধ মনসুর আলী শেখের ভাষ্য, মাদক পাচার নিয়ে তাঁর বিরুদ্ধে কয়েকটি ষড়যন্ত্রমূলক মামলা রয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা পরিমল কুমার বিশ্বাসের ভাষ্য, মনসুরের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। তবে হাড় ভেঙে গেছে। অস্ত্রোপচার করতে হবে।
শ্যামনগরের ওসি এনামুল হক আরও বলেন, মনসুর আলীর বিরুদ্ধে শ্যামনগর থানায় মাদক পাচার ও বিক্রির অভিযোগে চারটি মামলা রয়েছে। ঘটনায় সময় মাদক চোরাচালানিদের গুলিতে পুলিশের উপপরিদর্শক আবদুল কাদের ও কনস্টেবল হাসানুজ্জামান আহত হন। তাঁরা শ্যামনগর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশের ওপর হামলা ও মাদক পাচারের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।