পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত সর্দার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ডাইভারশন সেতু এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একটি ডাকাত দলের প্রধান নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হন। পুলিশ এ কথা জানিয়েছে।
পুলিশ জানায়, নিহত ডাকাত দলের প্রধান খোরশেদ আলম ওরফে ছুট্টোর (৩৮) বাড়ি চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ফজর রহমান সিকদারপাড়ায়। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, ১০-১২ জন ডাকাত ডাইভারশন সেতু এলাকায় অবস্থান করছে—এ খবর পেয়ে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতেরা গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতেরা পিছু হটে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদকে গ্রেপ্তার করা হয়। তাঁকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে খোরশেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশের চার সদস্য সামান্য আহত হন। তাঁরা হলেন উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন ও রুহুল আমিন এবং কনস্টেবল বিকাশ চাকমা ও সঞ্জয় কুমার দাশ। তাঁরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি, তিনটি কিরিচ, একটি রামদা ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর খোরশেদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, খোরশেদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ও অস্ত্র আইনে ছয়টি মামলা ছিল। তিনি জানান, পুলিশ ও ডাকাত দলের মধ্যে ৩৫-৪০টি গুলিবিনিময় হয়েছে।