পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' তিন যুবক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আফতাবনগরে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ তিন যুবক আহত হয়েছে। তারা হলো মনির হোসেন, স্বপন, আবদুল্লাহ আল মামুন। পুলিশি পাহারায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাড্ডা থানার পুলিশ জানায়, রাত ১১টার দিকে বাড্ডা থানায় খবর আসে, একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বাড্ডা থানার একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বাধে। একপর্যায়ে পুলিশ গুলিবিদ্ধ তিন ডাকাত মনির, স্বপন ও মামুন এবং তাদের দুই সহযোগীকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ তিন ডাকাতকে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাত একটায় বাড্ডা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল ফয়সাল প্রথম আলোকে বলেন, বন্দুকযুদ্ধের সময় দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি চাপাতি, একটি ছোরা, একটি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে।