পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই যুবক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে গত রোববার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আরিফ ও মাইন উদ্দিন নামের দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। একজনের পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে এই ঘটনাকে পুলিশের সাজানো নাটক বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশের দাবি, আরিফ (২০) যুবদল ও মাইন উদ্দিন (২৫) ছাত্রশিবিরের কর্মী। হরতাল-অবরোধকারীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ সময় তাঁরা গুলিবিদ্ধ হন।
আরিফ চরজাঙ্গালিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে ও মাইন উদ্দিন চরকালকিনি এলাকার রুহুল আমিনের ছেলে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদের দাবি, রোববার রাতে পুলিশের একটি দল রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে টহলে বের হয়। রাত সাড়ে ১২টায় চরজাঙ্গালিয়া এলাকায় হাফেজিয়া মাদ্রাসার কাছে তারা দেখতে পায়, গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়েছে। ওই সময় টহল দলের সদস্যরা গাড়ি থেকে নামলে ১০-১২ জন অবরোধকারী পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়।
ওসি আরও দাবি করেন, বন্দুকযুদ্ধের পর যুবদল কর্মী আরিফ ও ছাত্রশিবির কর্মী মাইন উদ্দিনকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে আরিফের ভাই আমজাদ হোসেন বলেন, আরিফ ফেনীতে কাঠমিস্ত্রির কাজ করতেন। কয়েক দিন আগে বাড়িতে এসে তিনি এলাকাতেই কাজ করছিলেন। রোববার চরলরেন্স এলাকায় কাজ করে দুপুরের খাবার খেতে বাড়িতে আসার পথে হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। যানবাহনে নাশকতার বিষয়ে স্বীকারোক্তি আদায় করার জন্য পুলিশ আরিফকে থানায় মারধর করে। পরে চোখ বেঁধে গভীর রাতে ওই এলাকায় নিয়ে তাঁর বাঁ পায়ে গুলি করে।
লক্ষ্মীপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আনোয়ার হোসেন গতকাল সোমবার দুপুরে জানান, রোববার রাত দেড়টায় বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আরিফ ও মাইন উদ্দিনকে পুলিশ হাসপাতালে আনে। তাঁদের পায়ে অস্ত্রোপচার করা হচ্ছে।
উল্লেখ্য, রোববার দুপুরে হাফেজিয়া মাদ্রাসা এলাকায় একদল দুর্বৃত্ত যানবাহনে অগ্নিসংযোগ করে। ঘটনার পর বিকেলে পুলিশ এলাকার কয়েকটি বাড়িতে অভিযান চালায়। এলাকার জামায়াত-শিবির সমর্থকদের অভিযোগ, অভিযানের নামে তাঁদের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এরপর গভীর রাতে ওই এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা সাজানো হয়।