পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডায় গতকাল শুক্রবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাচ্চু (২০) ও রবিন (২১) নামের দুই যুবক আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাড্ডা থানার পুলিশের ভাষ্য, ওই দুই যুবক এক বাসায় গিয়ে চাঁদা দাবি করার সময় পুলিশ সেখানে গেলে ‘বন্দুকযুদ্ধ’ হয়। বাচ্চু ও রবিন ছাড়া আরও পাঁচজনকে আটক এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
বাড্ডা থানার সেকেন্ড অফিসার আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, বিকেল পাঁচটার দিকে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের ১০ নম্বর রোডের একটি বাড়িতে যান ১০ জন যুবক। তাঁদের পাঁচজন বাড়িটির পাঁচতলার এক বাসায় গিয়ে অস্ত্রের মুখে গৃহকর্তার কাছে তিন লাখ টাকা দাবি করেন।
আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায় এবং প্রথমে বাড়ির নিচে থাকা পাঁচজনকে আটক করে। এরপর পুলিশ ওপরে গিয়ে ওই বাসার দরজা ভেতর থেকে বন্ধ পায়। ভেতরে বাগ্বিতণ্ডা চলছিল। দরজা খুলতে বললেও কেউ খুলছিল না। পরে দরজা খোলামাত্র পুলিশের দিকে গুলি করেন এক যুবক। পুলিশও পাল্টা গুলি করলে দুই যুবকের ডান হাঁটুর নিচে লাগে। বাকি তিনজন পুলিশকে ধাক্কা দিয়ে দৌঁড়ে চলে যায়। গুলিবিদ্ধ একজনের কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। আহত দুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
পুলিশ জানায়, আটক অন্য পাঁচজন হলেন সোহাগ, সুজন, রুবেল, রাজীব ও আরিফ হোসেন। ওই ঘটনায় আফজাল ও কায়জার নামের দুই পুলিশ কনস্টেবল আহত হন। তাঁদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবদুর রাজ্জাক বলেন, ওই বাসাটি একজন কাপড় ব্যবসায়ীর। ওই যুবকেরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তাঁরা যে কারও কাছ থেকে চাঁদাবাজি করেন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ওই ব্যবসায়ীর বক্তব্য পাওয়া যায়নি।