পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
লক্ষ্মীপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি হত্যা, সন্ত্রাসসহ একাধিক মামলার আসামি বলে পুলিশের ভাষ্য।
গতকাল শনিবার রাতে উপজেলার পাবর্তীনগর ইউনিয়নের মকরধজ গ্রামে কথিত এই বন্দুকযুদ্ধ হয়।
নিহত ব্যক্তির নাম মো. তারেক হোসেন (৩৫)। তাঁর বাড়ি মকরধজ গ্রামে। বাবার নাম আবদুর শুক্কুর ওরফে সিরাজ মিয়া।
পুলিশের ভাষ্য, এই ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি এলজি ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, তালিকাভুক্ত সন্ত্রাসী বাশার বাহিনীর সহযোগী তারেক মকরধজ গ্রামে অবস্থান করছে বলে জানা যায়। দিবাগত রাত তিনটার দিকে ওই গ্রামে অভিযানে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তারেক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
পুলিশ বলছে, এই ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তাঁরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছার বলেন, নিহত তারেকের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
কথিত বন্দুকযুদ্ধ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।