পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সাইফুল মিয়া (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দুইটার পর ধরখার-আখাউড়া সড়কের টানমান্দাইল বেইলি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
আজ সোমবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ বলছে, সাইফুল ডাকাতি মামলার আসামি। বাড়ি উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদারের ভাষ্য, নিহত ব্যক্তিসহ ১০-১২ জন ডাকাত টানমান্দাইল বেইলি সেতু ধরে আসছিল। বিপরীত দিক দিয়ে যাচ্ছিল পুলিশের টহল গাড়ি। ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে সাইফুল নিহত হন। পুলিশ কনস্টেবল হান্নান ও বিকাশ আহত হন।
ওসি বলেন, সাইফুল ডাকাত দলের সদস্য ছিলেন। থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ডাকাতির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পাইপগান, চাইনিজ কুড়াল, রামদা ও দুটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।