পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সাইফুল মিয়া (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ধরখার-আখাউড়া সড়কের টানমান্দাইল বেইলি সেতু এলাকায় গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির বাবা অভিযোগ করেছেন, রাত সাড়ে আটটার দিকে বাড়ি থেকে সাইফুলকে ধরে নিয়ে যায় পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আখাউড়ার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের বাসিন্দা সাইফুল ডাকাতি মামলার আসামি ছিলেন। গত রোববার রাতে তিনিসহ ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল টানমান্দাইল বেইলি সেতু ধরে মোগড়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে পুলিশের একটি টহল গাড়ি আসতে দেখে তাঁরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে সাইফুল নিহত হন। এ ছাড়া পুলিশ কনস্টেবল হান্নান ও বিকাশ আহত হন। ঘটনাস্থল থেকে পাইপগান, চায়নিজ কুড়াল, রামদা ও দুটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
তবে ডাকাতির সঙ্গে ছেলের সম্পৃক্ততার কথা অস্বীকার করে নিহত সাইফুলের বাবা ইদ্রিস মিয়া সাংবাদিকদের বলেন, রোববার রাত সাড়ে আটটার দিকে জাঙ্গালের বাড়ি থেকে সাইফুলকে ধরে নিয়ে যায় পুলিশ। এ সময় তাঁকে মারধরও করা হয়।
সাইফুলের বাবার বক্তব্য সত্য নয় বলে জানিয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার
প্রথম আলোকে বলেন, নিহত সাইফুলের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ডাকাতির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।