পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসরা গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবদুর রশিদ বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, তিনি একজন ডাকাত।
আজ রোববার ভোররাত সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। আবদুর রশিদের বিরুদ্ধে আট থেকে নয়টি ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখের ভাষ্য, ভোররাত সাড়ে তিনটার দিকে মহাসড়কের দুধসরা আশ্রয়ণ প্রকল্পের সামনে রাস্তার ওপর গাছ ফেলে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে বলে পুলিশ খবর পায়। শৈলকুপা থানা–পুলিশের টহল দল সেখানে যায়। ডাকাতেরা প্রথমে বোমা ছোড়ে এবং পরে পুলিশকে লক্ষ করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলিবিনিময়ের একপর্যায়ে ডাকাতেরা পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতের লাশ পায়। বাকিরা পালিয়ে যায়।
আজবাহার আলী শেখ আরও বলেন, ঘটনাস্থল থেকে তাঁরা একটি শাটারগান, দুটি গুলি, পাঁচটি হাঁসুয়া, একটি চায়নিজ কুড়াল ও ১০ জোড়া স্যান্ডেল উদ্ধার করেছেন।
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।