পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় গতকাল শনিবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে তারা আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

নিহত আনোয়ার নরসিংদীর রায়পুরা উপজেলার ভালুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় থেকে নানা অপরাধমূলক কাজ করে আসছিলেন বলে পুলিশ জানায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির সাংবাদিকদের বলেন, গতকাল রাত তিনটার দিকে আনোয়ার ও তাঁর সহযোগীরা টঙ্গাবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও তাদের লক্ষ্য করে গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের একপর্যায়ে ডাকাতদের প্রায় সবাই পালিয়ে যায়। তবে একজন গুলিতে মারা গিয়ে ঘটনাস্থলেই পড়েছিলেন। পরে তাঁর নাম আনোয়ার বলে জানা যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলি ও তিনটি রামদা উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান বলেন, আনোয়ারের বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈর থানাসহ টাঙ্গাইলের মির্জাপুর এবং ঢাকার আশুলিয়া ও ধামরাই থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তিনি বলেন, আনোয়ার ২০১৪ সালে কালিয়াকৈরে ১ কোটি ৩৩ লাখ, একই বছর আশুলিয়ায় ২০ লাখ এবং ধামরাইয়ে ৬৪ লাখ আর গত বছর মির্জাপুরে ৪৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া সম্প্রতি আশুলিয়ার জামগড়া এলাকা থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আনোয়ারের সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।