পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
বরগুনার আমতলী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল জব্বার (৪৫)। পুলিশের দাবি, আবদুল জব্বার আন্তজেলা ডাকাত দলের প্রধান ছিলেন।
বরগুনার পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘদিন পলাতক থাকা জব্বার এলাকায় ফিরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে বরগুনার গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আমতলী থানা-পুলিশ বুধবার রাত তিনটার দিকে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে যৌথ অভিযান চালায়। অভিযানে আল আমিন নামের এক সহযোগীর বাড়ি থেকে জব্বারকে আটক করা হয়। পরে জব্বারের দেওয়া তথ্য অনুযায়ী তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে পাশের হরিদ্রাবাড়িয়া গ্রামের মাদ্রাসা এলাকায় পৌঁছালে জব্বারের অন্য সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এসপি বলেন, পুলিশও আত্মরক্ষার্থে শটগানের ২৫টি গুলি করে। এতে জব্বার নিহত হন। তাঁর সহযোগীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। ডাকাতের গুলিতে পুলিশের চার সদস্য আহত হন।
বিজয় বসাক বলেন, জব্বারের বিরুদ্ধে ডাকাতি, খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে ২৩টি মামলা রয়েছে।
আবদুল জব্বার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানা যায়, তাঁর বাড়ি গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে। তবে পরিবারের সদস্যদের কেউই এ বাড়িতে থাকেন না। ওই ইউনিয়ন পরিষদের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, জব্বারের এক ভাই ২০০৯ সালে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন। তিনি দাবি করেন, জব্বারদের সাত ভাইয়ের অনেকের বিরুদ্ধেই চুরি-ডাকাতির মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে।