পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
মাগুরা সদর উপজেলার মাগুরা-নড়াইল মহাসড়কের মান্দারতলা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ উজ্জ্বল বিশ্বাস (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত ব্যক্তির বাবার নাম আওয়াল বিশ্বাস। উপজেলার চাঁদপুর গ্রামে তাঁর বাড়ি। উজ্জ্বল ডাকাত দলের সদস্য। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চারটি গুলিসহ একটি মাগ্যাজিন, কয়েকটি রামদা ও দড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য সামান্য আহত হয়েছেন।
মাগুরার সহকারী পুলিশ সুপার-সার্কেল (এএসপি) সুদর্শন রায়ের দাবি, গতকাল রাতে মাগুরা-নড়াইল মহাসড়কে মান্দারতলায় টহল দিতে যায় পুলিশ। তখন ডাকাত দলের সদস্যরা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে পুলিশের গাড়ির গতিরোধ করে। পুলিশের গাড়ি চিনতে না পেরে ডাকাতেরা গাড়িটিতে ডাকাতি করতে আসে। একপর্যায়ে ডাকাত দল পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি করে। পুলিশ তখন আত্মরক্ষা করতে পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পিছু হটে পালিয়ে যায়। তখন উজ্জ্বলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএসপি সুদর্শন রায় জানান, উজ্জ্বলের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।