পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে নগরের হরিণটানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চরমপন্থী দলের নেতা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত জিয়া সানার (৪৫) বাড়ি ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে। তিনি বাবর আলী সানার ছেলে।

হরিণটানা থানার ওসি এস এম মিজানুর রহমানের ভাষ্যমতে, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি আবাসিক প্রকল্প এলাকায় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে ডাকাতেরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে তারা পালিয়ে গেলে ঘটনাস্থলে জিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মিজানুর রহমান জানান, অভিযানে এক উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের চার সদস্য আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন এসআই ফরিদ আহমেদ, কনস্টেবল রবিউল ইসলাম, বদরুল আলম ও দেবব্রত বিশ্বাস। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, পিস্তল এবং বন্দুকের দুটি করে গুলি, দুটি গুলির খোসা, দুটি রামদা ও ৫০ পিস ইয়াবা বডি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হরিণটানা থানায় পুলিশের ওপর হামলা ও ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে দুটি মামলা করেছে।

ওসি মিজানুর রহমান বলেন, জিয়া চরমপন্থী সংগঠন ‘নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি’র দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে ছয়টি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়।