পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার গভীর রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তির নাম মো. জহিরুল ইসলাম সরকার ওরফে কালা জহির (৩৫)। তিনি দুর্ধর্ষ ডাকাত ছিলেন। তাঁর বিরুদ্ধে কসবা থানায় ডাকাতি, ধর্ষণ, দ্রুত বিচার ও মাদক নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা রয়েছে।
নিহত জহিরুল ইসলাম সরকার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের নসু মিয়া সরকারের ছেলে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিনের ভাষ্য মতে, মাদকবিরোধী অভিযানে জহিরুল ইসলামকে গতকাল বিকেলে কামালপুর গ্রামের বেলতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জহিরের দেওয়া তথ্য অনুযায়ী তাঁকে নিয়েই গতকাল গভীর রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় পুলিশ অস্ত্র উদ্ধার করতে যায়। ওই সময় জহিরের সহযোগীরা তাঁকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়তে থাকে। সহযোগী ডাকাতদের গুলিতে জহির ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, কার্তুজের চারটি খোসা, ১৬টি গুলি, দুটি রামদা ও ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, ডাকাতদের গুলিতে কসবা থানার এসআই মনির হোসেন, কনস্টেবল নজরুল ইসলাম ও সাহাবুদ্দিন আহত হয়েছেন। তাঁদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এসআই মনির হোসেন বাদী হয়ে তিনটি পৃথক মামলা করেছেন।
ওসি আরও জানান, ২০১৪ সালের ২৬ মে আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতে ডাকাতির ঘটনায় নিহত জহিরুল ইসলাম এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কসবা থানায় ডাকাতি, নারী নির্যাতন, দ্রুত বিচার ও মাদক নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা রয়েছে।
তবে নিহত জহিরের বাবা নসু মিয়া সরকার তাঁর ছেলেকে নির্দোষ বলে দাবি করেছেন। তিনি বলেন, জহির নেশা করতেন। একই গ্রামের সোহাগ মিয়া নামের এক ব্যক্তি ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন। সোহাগকে আটকে রেখে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। পরে সোহাগ আইনমন্ত্রীর বাড়ির ডাকাতির ঘটনায় জহিরের নাম যুক্ত করে আদালতে অসত্য তথ্য দেন।