পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. রাসেল ওরফে কালা রাসেল (২২) নামে একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, রাসেল একজন ডাকাত।
আজ শুক্রবার ভোররাতের এই ‘বন্দুকযুদ্ধে’ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তাঁরা হলেন, দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কুষিজন চাকমা, কনস্টেবল শামছুল হক ও হেমায়েত হোসেন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির অভিযোগে গ্রেপ্তার রাসেলকে নিয়ে বিনিদিঘির পাড় এলাকায় অস্ত্র উদ্ধারের জন্য যায় পুলিশ। এ সময় পুলিশ ও ডাকাতদের মধ্যে অন্তত ৩০টি গুলি বিনিময় হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পিস্তল, দুটি গুলি ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। রাসেলের বাড়ি নোয়াখালীর চাটখিল থানার চয়ানী টকবা গ্রামে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন জানান, রাসেলের বুকে গুলি লেগেছে। ময়নাতদন্ত শেষে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেনের ভাষ্য, গতকাল বৃহস্পতিবার রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে চাটখিল, চন্দ্রগঞ্জ ও চট্টগ্রাম থানায় খুন, ডাকাতি, ধর্ষণ ও মাদকের ২০টি মামলা রয়েছে।