পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার দারাগাঁও চা-বাগানের ভেতরে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ওই ব্যক্তি সাত মামলার পলাতক আসামি। তবে নিহত ব্যক্তির চাচা আবুল কালাম আজাদ বলছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না তিনি।
নিহত ব্যক্তির নাম মোজাম্মেল হোসেন। তাঁর বাড়ি বাহুবল উপজেলার সাহাপুর গ্রামে।
বাহুবল থানার পুলিশ জানায়, গতকাল বিকেলে সাত মামলার পলাতক আসামি মোজাম্মেল হোসেন ওরফে মদন মিয়াকে বাহুবল উপজেলার মিরপুর গরুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মদন জানান, দারাগাঁও চা-বাগানের পাশ দিয়ে যাওয়া রেললাইনের পাশে কিছু অস্ত্র লুকিয়ে রেখেছেন তিনি। এ তথ্যের ভিত্তিতে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেলুর রহমান, বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ দেবের নেতৃত্বে একদল পুলিশ মদন মিয়াকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে যান। দারাগাঁও চা-বাগানের ২ নম্বর সেকশনের ভেতরে মাটির রাস্তায় পৌঁছানো মাত্র মদনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় মদন তাঁর সহযোগীদের গুলিতে আহত হন। পরে আহত মদনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, এই বন্দুকযুদ্ধ চলাকালে বাহুবল মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল সাহা ও কনস্টেবল ইমরান মোল্লা আহত হয়েছেন। তাঁদের বাহুবল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিশ্বজিৎ দেব বলেন, নিহত মদন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে সাতটি মামলা রয়েছে। মদন মিয়া তাঁর সহযোগীদের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান। তাঁর বুকে গুলি লাগে।