পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, নিহত উজ্জ্বল মিয়া (২৭) শহরের শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যাসহ ১১টি মামলা আছে। 
গতকাল দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার ঘাটুরা সাতবাড়িয়া এলাকায় ওই ‘বন্দুকযুদ্ধ’ ঘটে বলে দাবি পুলিশের।
পুলিশের ভাষ্য, ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
গতকাল মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, কথিত উজ্জ্বলের গুলিবিদ্ধ লাশ মর্গে পড়ে আছে। হাসপাতালের জরুরি বিভাগে মোতায়েন রয়েছে পুলিশ।
উজ্জ্বলের লাশ দেখতে শহরের উৎসুক লোকজন আজ বুধবার সকালে হাসপাতাল এলাকায় জড়ো হন। এ ঘটনায় তাঁরা স্বস্তি প্রকাশ করেন।
সদর থানার পুলিশের ভাষ্য, উজ্জ্বল ও তাঁর সহযোগীরা ঘাটুরা সাতবাড়িয়া এলাকায় ইট তৈরির একটি ভাটায় অবস্থান করছেন বলে জানতে পারে পুলিশ। এরপর পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে উজ্জ্বল গুলিবিদ্ধ হন। তাঁর সহযোগীরা পালিয়ে যান। গুলিবিদ্ধ উজ্জ্বলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসের ভাষ্য, সন্ত্রাসীদের গুলিতে তিনি ছাড়াও আহত হয়েছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদি হাসান ও কনস্টেবল মাসুদ মিয়া।
উজ্জ্বলকে ধরিয়ে দিতে ১৭ এপ্রিল এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্থানীয় সাংসদ র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।