পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ দাবি করেছে, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন। ডাকাতেরা পুলিশের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলের ওই সদস্য (৩২) নিহত হন। বন্দুকযুদ্ধের ঘটনায় গোয়েন্দা পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, আজ ভোরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে কয়েকজন লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করে। পরে পুলিশ ওই ডাকাতকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুব্রত কুমার সেন জানান, আজ ভোররাত ৪টা ১০ মিনিটে পুলিশ ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গিয়েছিলেন।

বন্দুকযুদ্ধের বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ আজ সংবাদ সম্মেলন ডেকেছে। সেখানে পুলিশ সুপার ফারহাত আহমেদ এ বিষয়ে তথ্য দেবেন বলে জানানো হয়েছে।