পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তির নিহত হয়েছেন। তাঁর নাম মো. ফারুক মিয়া (৩০)। পুলিশ দাবি করছে, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন।
গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের গণ্ডিমোড় এলাকার একটি নির্জন রাস্তায় এ ঘটনা ঘটে।
ফারুক ঘটনাস্থলের অনতিদূরে তেলওয়ারী গ্রামের আবু সিদ্দিকের ছেলে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ভাগাভাগি করছে—এমন খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর গুলি বন্ধ হলে পুলিশ ফারুককে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করে। এ ঘটনায় দুজন উপপরিদর্শক ও দুজন কনস্টেবল আহত হয়েছেন।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে ১০০টি ইয়াবা বড়ি, গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ফারুকের বিরুদ্ধে আটটি মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে।