পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুস সোবহান (৪৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের বুরুমারিয়া গ্রামের আক্তার মাষ্টারের আমবাগানে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সদস্য।
পুলিশের ভাষ্যমতে, এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটারগান, আটটি গুলি, ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ‘বন্দুকযুদ্ধে’ পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা ইকবাল হায়াতসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পাংশা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ননী গোপাল সরকারের ভাষ্য, গতকাল রাত ১০টার দিকে সোবহানকে গ্রেপ্তার করা হয়। রাত দেড়টার দিকে তাঁকে নিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে সোবহানকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ভাষ্য, সোবহানের বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।